ওসমানীনগরে সাকিব-বরণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য তানজিম হাসান সাকিবকে বরণ করে নিল সিলেটের বালাগঞ্জ ওসমানীনগরবাসী। বৃহস্পতিবার বিকাল ৪টায় সমর্থকরা সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তাজপুর কদমতলায় সাকিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিকালে বিশাল গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সাকিবকে নিয়ে বালাগঞ্জ উপজেলা সদরে যাওয়ার সময় রাস্তার দুপাশে উত্সুক জনতা তাকে অভিবাদন জানান। সাকিবের গাড়িবহর বালাগঞ্জ বাজারে পৌঁছালে সেখানে উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এরপর সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় সাকিবকে এলাকার সর্বস্তরের মানুষ বরণ করে নিয়ে সংবর্ধিত করেন। এর আগে সাকিবকে সিলেট শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে ওসমানীনগর উপজেলাবাসীর পক্ষ থেকে তাজপুর কদমতলা এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সাকিব সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছালে  সেখানে এক আনন্দঘন পরিবেশের আবহ সৃষ্টি হয়। বিমান বন্দরে তাকে বরণ করতে সেখানে উপস্থিত হন সাকিবের বাবা গৌছ আলী, মা সেলিনা পারভিন, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ভক্তসহ বিপুলসংখ্যক মানুষ।