ছড়াগুলো ঝুলুমুলু
আহমেদ জসিম
সপ্তডিঙা
প্রচ্ছদ: মোমিন উদ্দিন খালেদ। অলংকরণ: কাজী তাবাসসুম আহমেদ
মূল্য: ২০০ টাকা
শিশুতোষ ছড়া লেখা মোটেও সহজ নয়। সবার হয় না। রবীন্দ্রনাথ তো আর এমনি এমনি বলেননি—‘সহজ কথা যায় না লেখা সহজে’! সহজ কথা দিয়ে ছড়া বানাতে এক একটা শব্দের গাঁথুনি দেওয়া অত্যন্ত কঠিন কাজ। পাকা খেলুড়ে কারিগর ছাড়া সেটি সম্ভব নয়। ‘ছড়াগুলো ঝুলুমুলু’ বইটি স্বল্পায়তন, চিত্রময় মিষ্টি মিষ্টি ছড়া দিয়ে ঠাসা। লোকছড়ার ঢঙে আহমেদ জসিম অবলীলায় লিখে গেছেন। তৈরি করেছেন শিশুর ঝলমলে আনন্দময় জগত্। দুই-একটি ছড়া পড়ে দেখা যাক বই থেকে—
খোকন তুমি চাঁপার কলি
আজ একুশের গল্প বলি।
মাসটা ছিল ফেব্রুয়ারি
বায়ান্ন সাল বর্ষ তারি...
কিংবা
ধিনতা ধিনা মধুর সুর
সুরের নাচন অচিনপুর।
অচিনপুরের সচিন রায়
গাছের ডালে ঢোল বাজায়।
ঢোলের কাঠি ভাঙ্গা
পুবের সুরুজ রাঙ্গা।
