ইত্তেফাক রিপোর্ট
কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আহত মাদ্রাসাশিক্ষক মেহেদী হাসান (৩০) মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী টাঙ্গাইলের মধুপুর উপজেলার শাহ নেওয়াজের ছেলে। তিনি ভাটারা থানাধীন কুড়িল ইসলামী ফিকাহ একাডেমির শিক্ষক ছিলেন।
পথচারী আবির ইসলাম জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
