জাবির মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলনী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

জাবি সংবাদদাতা

‘এসো প্রাণে প্রাণ মেলাই’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনীর উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, ‘পুনর্মিলনীর মাধ্যমে নতুন করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জানা ও বোঝার দ্বার উন্মোচিত হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমান ও প্রাক্তনদের রোমাঞ্চিত স্মৃতি-বিস্মৃতি সামনে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলকে ঘিরে সাবেক-বর্তমান প্রত্যেক শিক্ষার্থীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব শেখ মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইমামউদ্দিন, সাবেক প্রাধ্যক্ষ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। পুনর্মিলনীর আহ্বায়ক মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানসহ প্রায় ৩ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।