শ্যামপুরে মিশুকচালক হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

কদমতলী থানা এলাকায় মিশুকচালক রাসেল হত্যার রহস্য উদঘাটনসহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রাসেল, আরিফুল ইসলাম, আল-আমিন ও রিফাত।

শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, সাভার ও ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, কদমতলী থানার বাসিন্দা রাসেল ব্যাপারী গত ৩ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের ন্যায় অটোরিকশা মিশুক চালাতে বাসা থেকে বের হন। অনেক রাত হয়ে গেলেও বাসায় না ফেরায় রাসেলকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন।

পরের দিন রাতে রাসেলের বাবার নম্বরে ফোন আসে আর জানানো হয় তার ছেলে রাসেল মেডিক্যাল রোডে মারা গেছে। পুলিশ একটি নির্মাণাধীন বাড়ির খোলা পানির ট্যাংক থেকে রাসেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে রাসেলের বাবা থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে গত ৫ ফেব্রুয়ারি তাদেরকে গ্রেফতার করে। তিনি বলেন, গ্রেফতারকৃতদেরকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরাসহ তাদের পলাতক সহযোগীরা মিলে গত ৪ ফেব্রুয়ারি রাসেলকে কৌশলে বাসা হতে ডেকে নিয়ে হত্যা করে।