চট্টগ্রামে নানা আয়োজনে বসন্তবরণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে। শুক্রবার সিআরবির শিরীষতলা মুক্তমঞ্চে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে বসন্ত উত্সব শুরু হয়। উত্সবে অংশ নিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা। সকাল ৯টায় প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিত্ পালের সঞ্চালনায় উত্সবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ড. মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, প্রমা আবৃত্তি সংগঠনের সহসভাপতি কংকন দাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের দলীয় নৃত্য, সংগীত ভবনের সম্মেলক সংগীত, ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের দলীয় নৃত্য, প্রমা আবৃত্তি সংগঠনের বৃন্দ আবৃত্তিসহ বিভিন্ন শিল্পীরা একক, দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। একইভাবে দ্বিতীয় পর্বেও নানা পরিবেশনায় শিরীষতলাকে মুখর করে রাখেন শিল্পীরা।

এদিকে শিল্পী দোলন কানুনগোর মোহন বীণার সুরে জামাল খান ডা. এম এ হাশেম চত্বরের প্রথম সম্মিলিত বসন্ত উত্সব শুরু হয়। সকাল ১০টা ২৫ মিনিটে মোহন বীণার সুর ছড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। ঢৌড়ি রাগে ১৫ মিনিটের অপূর্ব সুর মূর্ছনায় তবলায় ছিলেন রতন কুমার দত্ত। এরপর উত্সবের উদ্বোধন করেন বরেণ্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। স্বাগত বক্তব্য দেন উত্সব পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এরপর রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা। এ উত্সবে খ্যাতিমান শিল্পী ফকির শাহাবুদ্দিন একক সংগীত ও অভিনয় শিল্পী তারিন একক নৃত্য পরিবেশন করেন। রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন উত্সবে। এছাড়া নগরের পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘরের সামনে শেখ রাসেল পার্কে বসন্ত উত্সবের আয়োজন করে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বাঙালির চিরায়ত এ উত্সব শুরু করে সংগঠনটি। সেখানেও আবৃত্তি, সংগীত, নৃত্য, কথামালা, ঢোলবাদন, যন্ত্রসংগীতের মোহনীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বরিশালে নানা আয়োজনে বসন্ত বরণ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কাপল মেলা

বরিশাল অফিস : ঋতুরাজ বসন্তের প্রথম দিনে প্রতি বছরের মতো এবারো বরিশালে পৃথক বসন্ত বরণের আয়োজন করা হয়েছে। নাচে, গানে, কবিতায় আর আবৃত্তিতে বসন্ত বরণ করে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রঙিন শাড়ি আর মাথায় ফুল দিয়ে উত্সবে শামিল হন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টায় সরকারি মহিলা কলেজের বকুল আলোকায়ন মঞ্চে বসন্ত উত্সবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান। ফুলে ফুলে এবং বাসন্তী রঙের শাড়ি পরে সেজেছে এই কলেজের শিক্ষার্থীরা। কবিতা আবৃত্তি, নাচ, গান আর মডেলিংসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করছে তারা। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমি আয়োজিত বসন্ত উত্সবে নগরবাসী ভিড় করেন। সেখানে রাত পর্যন্ত নানা সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়।

এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কাপল মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘এবার ভ্যালেন্টাইনস ডে হোক প্রিয় মানুষটিকে নিয়ে একটু অন্য রকম’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ মেলার আয়োজন করে কুয়াকাটা ইলিশ পার্ক। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত দম্পতিরা। দিনভর বিভিন্ন ধরনের খেলাধুলা, সৈকতে ঘুড়ি উড়ানো, আড্ডা ও নাচ-গানের মধ্য দিয়ে দিনটিকে উপভোগ করেন কাপল পর্যটকরা। এ মেলায় অংশ নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন কাপলরা।  কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটাকে বিশ্বের মাঝে আরো পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে সামনের বছরগুলোতেও মেলার আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে।