ইত্তেফাক রিপোর্ট
নিরপরাধ পাটকলশ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে জারিকৃত রুলের ওপর চূড়ান্ত শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য না করে অপেক্ষমাণ রেখেছে আদালত। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বুধবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান ও সোনালী ব্যাংকের পক্ষে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন শুনানি করেন। খুরশীদ আলম খান বলেন, জাহালমের ক্ষতিপূরণের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। আদালত রায়ের জন্য সিএভি রেখেছেন। অর্থাত্ যে কোনো দিন এ রায় ঘোষণা করা হবে।
