শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তরূপে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে তিনি ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি নিহত হন। সেই সময়ে স্বৈরাচারী আইয়ুব খানের কুশাসনের বিরুদ্ধে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল অভিযুক্তের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী যে গণআন্দোলন চলছিল সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ডে তা অসাধারণ তীব্রতা লাভ করে।

বাংলাদেশের মানুষ সেদিন স্বায়ত্তশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার নামে শপথ গ্রহণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সেদিনই ইকবাল হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হক হল নাম প্রবর্তন করে। বাংলাদেশের  স্বাধীনতার পরে বিমান বাহিনীর চট্টগ্রাম বেইজও সার্জেন্ট জহুরুল হকের নামাঙ্কিত হয়। আজ সকাল ৯টায় আজিমপুর নতুন কবরস্থানে পরিবারের পক্ষ থেকে তার কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।