মুজিববর্ষে দেশের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে :অর্থমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের মানুষের কাছে আমাদের অঙ্গীকার সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা। যখন পদ্মা সেতু হবে, তখন এ এলাকার অর্থনৈতিক চেহারার পরিবর্তন হবে। সে সময় সব ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই কাজের জন্য মানুষ পায় না। আর আমাদের দেশে অনেক মানুষ আছে, কিন্তু ২৫ ভাগ মানুষ লম্বা সময়েও কখনোই কর্মক্ষম জনগোষ্ঠী হয় না। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে যাতে ভালো চাকরি পায় সে ব্যবস্থা করব। গোপালগঞ্জে আমরা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি করেছি। এখানে আরো কারখানা হবে। গতকাল শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙালি জাতি একদিন সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই স্বপ্ন বাস্তবায়নে যা যা করা দরকার, আমরা অবশ্যই তা করব। এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাড শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিন, শেখ লুত্ফার রহমান বাচ্চু, এস এম আক্কাস আলী, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।