ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থিত আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন, চাতক ফকির, হান্নান মাতুব্বর, ওসমান মিয়া, তুহিন মাতুব্বর ও পরিরানী মালো।

সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কসহ বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগের হামেরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সম্মেলন চলছিল হামেরদী ইউনিয়ন পরিষদ চত্বরে। সম্মেলন শুরুর আগ মুহূর্তে ধনি মেম্বার ও বাবর আলী মেম্বারের লোকজনের সঙ্গে আজিম ও হান্নান মাতুব্বরের লোকজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা মীমাংসার চেষ্টা চালায়। এক পর্যায়ে বিষয়টি আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে উক্ত গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল নিয়ে মুনসুরাবাদ বিশ্বরোড ও বাজারের দুই পাশে অবস্থান নেয়। পরে এক গ্রুপ অন্য গ্রুপের ওপরে হামলা চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহম্মেদ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।