যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ভয়াবহ রূপ নিচ্ছে। রাজ্যের আগের সব রেকর্ড ভঙ্গ করেছে তিনটি দাবানল। গতকাল সোমবার পর্যন্ত দাবানলে নিহতের সংখ্যা ছেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে দুই শতাধিক। ১৯৩৩ সালের রেকর্ড ছাড়িয়েছে দাবানলে হতাহতের সংখ্যা। খবর রয়টার্সের
প্যারাডাইস শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটিতেই শনিবার ১৪ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এখানেই নিহত হয়েছে ২৩ জনের বেশি। দুইজন নিহত হয়েছে মালিবু শহরে। প্রায় ৩ লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্যারাডাইস শহরের প্রধান দাবানল ক্যাম্প ফায়ারের হানায় এক লাখ ১০ হাজার একর জায়গা পুড়ে গেছে। শহরের এক কর্মকর্তা জানিয়েছেন, ৬ হাজার ৭শ’ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি জানান, ১৯৩৩ সালে গ্রিফিত পার্ক ফায়ারে ২৯ জন নিহত হয়েছিল। কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙেছে। বিউটি কাউন্টি শেরিফ কোরি হানিয়া জানিয়েছেন, ২২৮ জন মানুষ নিখোঁজ রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় উলসি ফায়ারের কারণে ৮৫ হাজার ৫শ’ একর জায়গা পুড়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ১৭৭ অবকাঠামো। ফ্লোরিডার গভর্ণর জেরি ব্রাউন এখানে বিশেষ জরুরি অবস্থা জারি করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। প্যারাডাইস, মালিবু এবং সংলগ্ন এলাকা থেকে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকলকর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে যে দাবানল লেগেছিল তা গতকালও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো এর তীব্রতা বেড়ে চলছে।
