নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশ চায় কানাডা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য শান্তিপূর্ণ পরিবেশ চায় কানাডা। যাতে করে সাধারণ জনগণ সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। গতকাল রবিবার ঢাকার কানাডীয় হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।


 
কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফনটেইন বিবৃতিতে বলেন, কানাডা আশা করে যে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা হলো গণতন্ত্রের মূল ভিত্তি। সহিংসতা ও ভয়ভীতি গণতন্ত্রের প্রক্রিয়াকে দুর্বল করে। সকল পক্ষ থেকে নির্বাচন পূর্ববর্তী প্রচারণা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল হওয়া উচিত। একইসঙ্গে সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও ভোটাধিকার রক্ষা এবং সুশীল সমাজের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সাধারণ জনগণ যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে।