ইকলু ভাই প্রেমিক হতে চেয়েছিলেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

/ নীরব চন্দন

 

বিশ্ব ভালোবাসা দিবস দরজায় কড়া নাড়ছে। সবাই ব্যস্ত তাদের প্রেমিক/ প্রেমিকার সাথে ডেটিং প্ল্যান নিয়ে। কিন্তু ইকলু ভাই ডুবে আছেন গভীর চিন্তায়। কারণ এবার এলাকায় তার মানসম্মান হারানোর আশঙ্কা রয়েছে। কেননা ইকলু ভাই তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন, এবার ভালোবাসা দিবসে তিনি প্রেমিক হবেন-ই।

ইকলু ভাই তার বন্ধুদের একটা উচিত্ শিক্ষা দিবেন বলে মনস্থির করেছেন। শুধুমাত্র  প্রেমিক না হতে পারার কারণে কম হাসি-ঠাট্টা সহ্য করতে হয়নি ইকলু ভাইকে। এবার তিনি কঠিন সিদ্ধান্তে পৌঁছেছেন। ফলে দিনরাত চলল ইকলু ভাইয়ের ভাবনা-চিন্তা। ভাবতে ভাবতেই ভালোবাসা দিবস চলে এলো। ইকলু ভাইয়ের প্রেমিক হওয়া হলো না। কারণ বহু চেষ্টা করেও কোনো ললনার মন জয় করতে পারেননি। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন। অন্য কোনো উপায় না পেয়ে ইকলু ভাই বড় অংকের টাকা দিয়ে একজন প্রেমিকা ভাড়া করলেন। প্রেমিকার কাজ হলো, ভালোবাসা দিবসে অভিনয় করা।

ইকলু ভাই নির্দিষ্ট সময়ে সকলকে ডাকলেন। ইকলু ভাইয়ের বন্ধু ও অন্যান্য প্রতিবেশি উপস্থিত হওয়ার পর ইকলু ভাই জোরে জোরে বলতে শুরু করলেন, আজ আমি সফল। পরিশ্রম আর অধ্যাবসায় থাকলে সব সম্ভব। আমি পেরেছি। আমি প্রেমিক হতে পেরেছি।

ইকলু ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই  তার ভাড়াকৃত প্রেমিকা হাজির। কথিত প্রেমিকা এসেই ইকলু ভাইয়ের শরীরে টাকা ছুঁড়ে দিয়ে বলল, তুমি যেমন দুই নম্বর, তোমার টাকাও দুই নম্বর। তোমার সব টাকা নকল। আমি আর তোমার প্রেমিকার অভিনয় করতে পারব না।

সব শুনে উপস্থিত সকলে ইকলু ভাইকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠল। ইকলু ভাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মানসম্মান বলতে তো আর কিছুই যে অবশিষ্ট রইল না। কিন্তু ইকলু ভাই কিছুতেই  বুঝতে পারলেন না, এটিএম বুথে নকল টাকা এলো কী করে!

খিলক্ষেত, ঢাকা।