যাবে এ সব ...

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৮

/ বাসুদেব খাস্তগীর

 

ভাগ্য কেন এতো  খারাপ?

জ্যোতিষকে কয় আবুলে

শূন্য হাতে আসছি ফিরে

ছিলাম আমি কাবুলে।

 

প্রেমিকাও দিছে ফাঁকি

ভালোবাসার দিবসে

কাজ-কামহীন যাবে কি দিন

এমনি করে কি বসে?

 

যখন ছিলাম ছাত্র আমি

ফেল করিতাম গণিতে

জ্যোতিষ বলে ‘ভাগ্য তোমার

ডুবে আছে শনিতে’।

 

ব্যর্থ প্রেমও লাগবে জোড়া

আসবে প্রেমের মানুষও

অন্ধকারে উঠবে জ্বলে

মনের রঙিন ফানুসও।

 

কাবুল ফেরা, এগজামে ফেল

সেটাও শনির কারণে

কাটবে কিন্তু শনির দশা

একটা জিনিস ধারণে।

 

‘কোন সে জিনিস?’ বলে আবুল

করজোড়ে কাতরে

বলে জ্যোতিষ, ‘মালপানি দে

এ সব যাবে পাথরে’।