/ সত্যজিত্ বিশ্বাস
সবার উচিত
স্বামী :আমাদের সবার উচিত মাতৃভাষায় কথা বলা।
স্ত্রী :কী বললে?
স্বামী :ইয়ে মানে, বাচ্চার মায়ের।
বাংলা চর্চা
বস :এখন থেকে অফিসে কেউ ইংরেজিতে কথা বলবেন না। সবাই শুদ্ধ বাংলায় কথা বলবেন।
কর্মচারীরা সমস্বরে :ওকে স্যার।
বস :গুড, ভেরি গুড।
সত্য বাণী
আমাদের সবসময় মায়ের ভাষায় কথা বলা উচিত। অথচ বিয়ের পর সবাই বউয়ের ভাষায় কথা বলি।
ভাষাহীন
বাচ্চা :আচ্ছা বাবা, আমরা পিতৃভাষায় কথা না বলে মাতৃভাষায় কথা বলি কেন?
বাবা :কারণ পিতারা বেশিরভাগ সময়েই ভাষাহীন।
এইডা আবার কী কালার!
বাড়ির মালিক :শোনো, এই রুমের ভেতরটা আকাশি নীল রং দিবা।
রং মিস্ত্রি :এইডা আবার কী কালার! তয় যাই কন, সবচাইতে বেশি মানাইব স্কাই ব্লু।
‘ক’-কে ‘হ’
১ম কলিগ :ভাই, আপনি নাকি ‘ক’ কে ‘হ’ বলেন?
২য় কলিগ :কুন হালায় কয়?
১ম কলিগ :না মানে, ডাকাতকে নাকি ডাহাইত বলেন?
২য় কলিগ :কুন ডাহাইতে কয়?
বইমেলার জমজমাট স্টল
১ম বন্ধু :আচ্ছা বল তো, এই বইমেলায় সবচে বেশি ভিড়, সবচেয়ে জমজমাট স্টল কোনটা?
২য় বন্ধু :কেন, খাবারের স্টল।
লাইন ধরাই থাকে
১ম বন্ধু :বল তো, এবারের বইমেলায় সবসময় লাইন ধরাই থাকে কোন স্টলে?
১য় বন্ধু :বিকাশের ফ্রি চা স্টলে।
শীত যে তাই
মা :কিসের ছবি আঁকছো মা?
মেয়ে :শীতকালের ছবি।
মা :একটু ফাঁকা ফাঁকা করে আঁকো। একটা বাড়ির উপর আরেকটা বাড়ি, একজনের গায়ের উপর আরেকজন আঁকছো কেন?
মেয়ে :তুমি যে কি, কিচ্ছু বোঝো না। এখন শীতকাল না? তাই জড়াজড়ি করে আছে।
