/ আল সানি
প্রতিবছর ফেব্রুয়ারি মাস মানে বইমেলা, আর বইমেলা মানে পাঠক-লেখকের উপচে পড়া ভিড়। লেখকদের মধ্যে কেউ লেখেন গল্প, কেউ উপন্যাস কেউ আবার ছড়া বা অন্য কিছু। পাঠকদের মধ্যেও আছে এরকম শ্রেণিবিভাগ। এরকম কিছু টপ শ্রেণির পাঠক হলো—
সৌজন্য সংখ্যা পাঠক :এই ধরনের পাঠকরা তাদের ফেইসবুকে ফ্রেন্ডলিস্টে কিংবা পরিচিত সব লেখকের কাছে সৌজন্য সংখ্যার আবদার করে আর ভাবে এই সৌজন্য সংখ্যা পাওয়া তাদের অধিকার।
সেল্ফিবাজ পাঠক :বইমেলার বিকেলে খুব সুন্দর করে সাজগোজ করে বিভিন্ন স্টলের সামনে যেয়ে বই হাতে নিয়ে চলে এই শ্রেণির পাঠকদের সেল্ফি তোলা। তবে সেল্ফির হার বৃদ্ধির সাথে সাথে বই কেনার হার অবশ্য ইনাদের বাড়ে না।
খাদক শ্রেণির পাঠক :এই শ্রেণির সকলে আগে ফুড গ্রুপগুলোতে দেখে বইমেলার কোন কোন ফুড স্টলে কেমন দামে কী খাবার পাওয়া যাচ্ছে। তারপর বন্ধুবান্ধব সমেত হামলা দেয় সেসব জায়গায়। খাদ্যের মান ভালো না হলে ‘বইমেলায় এতো বাজে খাবার হয়!!! ’ বলেই চম্পট।
অটোগ্রাফপ্রার্থী পাঠক :এসব পাঠক নিদিষ্ট কিছু স্টলের সামনে সর্বদা ঘোরাফেরা করতে থাকে। কোনো সর্বজন পরিচিত লেখককে দেখার সাথে সাথে ছুটে যায় অটোগ্রাফের জন্য। তারপর ফেসবুকে এসে পোস্ট দেয় ‘বই কিনতে যেয়ে হঠাত্ দেখা’।
দেখার জন্য যাওয়া পাঠক :এই ধরনের পাঠকই বেশি দেখা যায় বইমেলায়। এরা প্রতিটি স্টলে প্রচুর সময় নিয়ে দেখে কী কী বই আছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো লেখকের কোনো বই-ই তাদের পছন্দ হয় না। যাবার আগে বলে যায়, ‘আজ দেখে গেলাম, আগামী দিন এসে সব কিনে নিয়ে যাব’। তবে সেই আগামী দিন আর আসে না।
সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা
