জলঢাকায় প্রস্তাবিত ইকোপার্ক এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

নীলফামারীতে প্রস্তাবিত ইকোপার্ক এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। এসময় জলঢাকায় ইকোপার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

শনিবার রংপুর সামাজিক বনবিভাগ ও নীলফামারী জেলা প্রশাসক আয়োজিত সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।  ৩৭ জন উপকার ভোগীদের মাঝে ৪ লক্ষ ৮২ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এর আগে তিনি নীলফামারীতে প্রস্তাবিত ইকো পার্ক এলাকা পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাব উদ্দীন বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার কাজ করছে। পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধসহ তামাক চাষ থেকে এ অঞ্চলের মানুষকে বিরত থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, ৭৬ একর জমির উপর প্রস্তাবিত ইকো পার্কটি নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের বিমানবন্দর করার কাজ দ্রুত এগিয়ে চলছে। নীলফামারী জেলাকে অর্থনৈতিক জোন করার আশ্বাস দেন মন্ত্রী।

আরও পড়ুন: সুন্দরবনে আহমদিয়া মুসলিম জামা'তের জলসা শান্তিপূর্ণভাবে সমাপ্ত

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মেজর অব: রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-১ এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবতাফ উদ্দিন সরকার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ:লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির।


ইত্তেফাক/আরআই