ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় গতকাল প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বাংলাদেশের মহাপরিচালক মো. রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমাল আবাওয়াজি, অস্টে লিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক মামুন আলাজব এবং তুরস্কের কারবুক ইউনিভার্সিটির অধ্যাপক ড. অগুজ ফিনডিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার। সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া দুই দিনের এই সম্মেলনে কিনোট সেশন, প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন থাকবে এবং সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আজ (১৬ ফেব্রুয়ারি) এ সম্মেলন শেষ হবে।
সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দ্রুত সম্প্রসারণশীল সাইবার নিরাপত্তা বিষয়ে অধিকতর গবেষণা করা, প্রবন্ধ প্রকাশ করা, গবেষণার জন্য ফান্ড তৈরি করা ইত্যাদি। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তীকালে স্প্রিংজার জার্নালে প্রকাশিত হবে এবং স্কোপাস ইনডেস্কড করা হবে।
