আরিফুর রহমান
বর্তমান সময়ে নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির বিষয়বস্তু নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গোলটেবিল আলোচনা। কোডার্সট্রাস্ট বাংলাদেশের আয়োজনে ওমেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট শীর্ষক ওই গোলটেবিল আলোচনায় অনলাইনে কীভাবে নারীরা উপার্জন করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারবে এবং ৪র্থ শিল্প বিপ্লবে তাদের ভূমিকা কী হতে যাচ্ছে, তা উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে নারীদের কর্মসংস্থানের বিভিন্ন প্রেক্ষাপট, প্রতিবন্ধকতা এবং তাদের ভব্যিষত্ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোডার্সট্রাস্ট কীভাবে কাজ করে যাচ্ছে, সেই বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা আজিজ আহমদ সম্প্রতি তার ভেটিকান সিটি, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এসডিজি সম্পর্কিত সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় গ্লোবাল ফিউচার অব ওয়ার্কের ফ্রেমওয়ার্ক বিষয়ে পরামর্শ দেন তিনি। ভবিষ্যত্ কর্ম-দক্ষতাকে বৃদ্ধি করার জন্য তার প্রতিষ্ঠান কীভাবে কাজ করে যাচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরেন তিনি। উল্লেখ্য, নারীদের দক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যেই কোডার্সট্রাস্ট বাংলাদেশ ১ হাজার নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছে। যার মধ্যে অনেকেই বর্তমানে অনলাইন মার্কেট প্লেসে উপার্জন করে দেশের অর্থনীতিতে উল্ল্যেখযোগ্য ভূমিকা পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথোরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক, কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ পরামর্শক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী প্রমুখ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জাতীয় উত্পাদনের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দক্ষ জনবল সৃষ্টি করার জন্য জোর দেন।
ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান শ্রমবাজারে পারিশ্রমিক কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন, পাশাপাশি নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির আশা প্রকাশ করেন।
