নাগেশ্বরীতে আচার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে আচার খেয়ে অসুস্থ ১৫ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গুরুতর আট জনকে পাঠানো হয়েছে কুড়িগ্রাম সদর হাসপাতালে।

উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্রথম-অষ্টম শ্রেণি) শিক্ষার্থীরা প্রতিদিনের মতো শনিবার সকালে সমাবেশ শেষে শ্রেণিকক্ষে যায়। কিছুক্ষণের মধ্যে হঠাত্ অসুস্থ হয়ে পড়ে সপ্তম শ্রেণির ছাত্রী মীম। তার পেট ব্যথা ও বুক জ্বালাপোড়াসহ বমির উদ্রেক হয়। বিষয়টি শ্রেণিশিক্ষক শরিফা রানী প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ অন্য শিক্ষকদের জানালে অসুস্থ শিক্ষার্থীকে দ্রুত নাগেশ্বরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিমু, সায়মা, অষ্টম শ্রেণির লুবনা, মাসুম বিল্লাহ, ববিতা, বিলকিছ, জোবায়ের, পঞ্চম শ্রেণির হানিফ, চতুর্থ শ্রেণির ফাহাদ, ষষ্ঠ শ্রেণির রুবাইয়া, দ্বিতীয় শ্রেণির আঁখিসহ একে একে আরো ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। তাদেরও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, অসুস্থ হওয়ার পর ঐ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরী হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সাইফ জামান বলেন, রোগী দেখে মনে হচ্ছে ম্যাস হিস্ট্রিয়া অথবা ফুড পয়জনিং থেকেও হতে পারে। আমরা সার্বক্ষণিক চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছি। এদের মধ্যে আটজন শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, ঘটনার পরেই ঐ স্কুলের সামনে আচার ও ঝালমুড়ি বিক্রেতা ইমান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।