ঈশ্বরদীতে চুরি যাওয়া সিগারেট উদ্ধার গ্রেফতার চার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদী পৌর এলাকার মুলারামতলায় ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের ডিপো অফিসের স্টোর রুম হতে চুরি যাওয়া সিগারেটের মধ্যে ২০ কার্টন সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান, তালা ভাঙা যন্ত্রসহ চার জন গ্রেফতার হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) গৌতম বিশ্বাস শনিবার ঈশ্বরদী থানায় প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে পৌর এলাকার মুলারামতলায় ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানির ডিপো হতে চোরেরা বিভিন্ন ব্রান্ডের ৬০ কার্টন সিগারেট কাভার্ড ভ্যানে নিয়ে যায়। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে কাভার্ড ভ্যান শনাক্ত করে পুলিশ শেরপুর ও আশুলিয়ায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ ২০ কার্টন সিগারেট উদ্ধার করেছে।

ওসি আরো জানান, এরা সকলেই আন্তঃজেলা চোর দলের সদস্য। জড়িত অন্যদের অবিলম্বে গ্রেফতার করা হবে।