কিশোরগঞ্জে মাদকসহ আটক দুই জনের কারাদণ্ড

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে র্যাবের অভিযানে মাদকসহ আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তন্মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার কুতকাইল গ্রামের মোবারক হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কাটাখালী গ্রামের মো. শহীদুল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গত শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় তিন পিস ইয়াবা ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা তাদেরকে কারাদণ্ডাদেশ দিয়ে উভয়কে জেলা কারাগারে পাঠান।