থার্মাল স্ক্যানার মেশিন নষ্ট !

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাস শনাক্তে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে কাজ করছে মেডিক্যাল টিম। গত ২৬ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। তবে থার্মাল স্ক্যানার মেশিন না থাকায় ডিজিটাল থার্মোমিটার দিয়েই ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।  এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, গত ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাসসংক্রান্ত সতর্কতামূলক একটি পত্র পাওয়ার পর মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ২৬ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। থার্মাল স্ক্যানার না থাকায় ডিজিটাল থার্মোমিটার দিয়েই ভারত থেকে আগতদের শরীরের তাপমাত্র চেকআপ করা হচ্ছে। এজন্য সময় একটু বেশি লাগছে। থার্মাল স্ক্যানার মেশিন নষ্ট থাকায় নতুন মেশিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, শরীরের তাপ বেশি, জ্বর জ্বর ভাব, কাশি, সর্দি, চোখ লাল, ব্যথা এসব উপসর্গের যাত্রীদের বিষয়ে নাম-পরিচয় লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গে অবহিত করতে বলা হয়েছে। সে সব রোগীদের সদর হাসপাতাল বা ক্লিনিকের নির্দিষ্ট স্থানে রেখে চিকিত্সা সেবা দেওয়া হবে। একইসঙ্গে উপসর্গে ও নমুনা সংগ্রহ করে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরকে পাঠানো হবে। তবে এখনো পর্যন্ত এ ধরনের শারীরিক উপসর্গ বা লক্ষণযুক্ত কোনো ব্যক্তি সাতক্ষীরায় সনাক্ত হয়নি বলে তিনি জানান।