সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা বোরহানউদ্দিনে শনিবার শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

মাদক ও বাল্যবিবাহর কুফল বিষয়ে আলোচনা সভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে শনিবার মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংবিরোধী এবং বাল্যবিবাহ ও আত্মহত্যার কুফল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ড. শেখ মামুনুর রশিদ প্রমুখ।

আইসিটি লিটারেসি প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে শনিবার আইসিটি লিটারেসি প্রশিক্ষণার্থী ১০০ নারীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন অধুনালুপ্ত ছিটমহলের নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে বেসিক আইসিটি লিটারেসি এবং নারীর জীবনযাত্রার মান উন্নয়ন বিষয় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শেষ দিন এই সার্টিফিকেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে সার্টিফিকেট বিতরণ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. ফকরুল কবির। মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর  আয়োজনে করে।

 ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে শনিবার ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। উজেলার ইন্দুরহাট কালীবাড়ি রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটি এই মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। মহানাম যজ্ঞানুষ্ঠানে ঢাকার রাধা গোবিন্দ সমপ্রদায়, গোপালগঞ্জের হরে কৃষ্ণ সম্প্রদায়, খুলনার অদ্বৈত সম্প্রদায়, সাতক্ষীরার রাধাশ্রী সম্প্রদায়, ঝালকাঠির হরিভক্ত সম্প্রদায় ও খুলনার রাধাপ্রিয়া অষ্টসখী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করছে। মন্দির কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ কর্মকার জানান, মঙ্গলবার মহোত্সব ও পদাবলী কীর্তনের মধ্যদিয়ে ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে। 

আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারি উদ্বোধন

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে অতিরিক্ত ২০০ মেট্রিক টন আমন ধান সংগ্রহের জন্য শনিবার উন্মুক্ত লটারি উদ্বোধন করা হয়েছে। উপজেলা হলরুমে উন্মুক্ত লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম, তানোর থানার ওসি রাকিবুল হাসান প্রমুখ।

হাম-রুবেলা ক্যাম্পেইনের ওপর অবহিতকরণ সভা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা পুঠিয়ায় ইপিআই কার্যক্রমে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০’ সাফল্যমণ্ডিত করতে শনিবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত নয় মাস বয়স থেকে ১০ বছর বয়সি সব শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

বঙ্গবন্ধুর সমাধিতে উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। নেতারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এ সময় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কমিটির সমন্বয়কারী এম বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ দিবস

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ডুমুরিয়ায় ভাসমান বেডে উত্পাদিত গ্রীষ্মকালীন সবজি ও মসলা চাষে উদ্বুদ্ধকরণে কিষান-কিষানিদের নিয়ে শনিবার মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলা সদরে গোলনা খালে ভাসমান বেডের পাশে উখড়া গ্রামে এর আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার আয়োজনে মাঠ দিবসে ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ। এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মীর্জাগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মীর্জাগঞ্জের আমড়গাছিয়া ইউনিয়নের অসহায়, গরিব ও দুস্থ ৫৭০টি পরিবারের মধ্যে শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  স্থানীয় ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাইওয়ানের একটি দাতা সংস্থার আর্থিক সহায়তায় এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারের তত্ত্বাবধানে ঐ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহারউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপস্থিত ছিলেন।

দরবারে জাহিদিয়া সুফি চর্চাকেন্দ্র উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামে শুক্রবার দরবারে জাহিদিয়া সুফি চর্চাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ হোসেন ফারুক। ড. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, শাহ জালালউদ্দিন আল মাইজভান্ডারি, জাকির হোসেন, অ্যাডভোকেট মনোয়ারা খাতুন, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলায়ার হোসেন কামাল, জসিম উদ্দিন প্রমুখ।

বিনামূল্যে চিকিত্সা শিবির শুরু

মাদারীপুর প্রতিনিধি আছমত আলী খান ফাউন্ডেশন ও সার্বিক ইন্টারন্যাশনালের উদ্যোগে শনিবার শুরু হয়েছে চার দিনব্যাপী বিনা মূল্যে চিকিত্সা শিবির। ১২তম আন্তর্জাতিক মানের চিকিত্সা শিবিরের সমন্বয়ক বিশেষজ্ঞ চিকিত্সক ডা. মাহাবুবুর রহমান কাচ্চু খান জানান, এরই মধ্যে তিন শতাধিক রোগীর তালিকা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে দুই শতাধিক ঠোঁটকাটা, তালুকাটা ও টিউমারে আক্রান্ত রোগীকে অপারেশন করা হবে।  

গৌরীপুর কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুরস্কার বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া এমপি। অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সমাজ সেবী মাহমুদা ভূইয়া, আওয়ামী লীগ নেতা গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব এবং উপাধক্ষ্য মো. আক্তারুজ্জামান।