শান্তর সেঞ্চুরিতে চালকের আসনে মধ্যাঞ্চল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

বি  সি  এল

ইয়াসির আলীর ১৩৪

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে বড়ো চমক দেখিয়েছে দক্ষিণাঞ্চল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চলকে বোলিং বোনাস পয়েন্ট না দিতে দ্রুত প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে দক্ষিণাঞ্চল।

তখনো প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে ১২১ রানে পিছিয়ে, হাতে ছয় উইকেট। মধ্যাঞ্চলকে বোনাস পয়েন্ট না দেওয়ার জন্য ২৮.২ ওভারে ৪ উইকেটে ১১৪ রান তুলেই গতকাল প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণাঞ্চল। বিসিএলে ১০০ ওভারে ৫ উইকেট নিলে ০.৫ পয়েন্ট, ৭ উইকেট নিলে ১ পয়েন্ট ও নয় বা তার বেশি উইকেট নিলে ১.৫ পয়েন্ট পায় দলগুলো। মধ্যাঞ্চলকে ঠেকাতে এমন কাণ্ড করে বসে দক্ষিণাঞ্চল।

অবশ্য দ্বিতীয় দিনের খেলা শেষে এই ম্যাচে চালকের আসনে বসে আছে মধ্যাঞ্চলই। ৩৩০ রানে এগিয়ে আছে দলটি। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২০৯ রান। শান্ত ১২২ ও জাবিদ হোসেন শূন্য রানে ব্যাট করছেন। আজ স্কোরটা আরো বড়ো করতে পারলে মধ্যাঞ্চলের জয়ের সম্ভাবনা প্রবল হবে। আর ম্যাচ জিতলে বিসিএলের ফাইনালেও উঠতে পারে দলটি। ইতিমধ্যে দক্ষিণাঞ্চল ফাইনালে নিজেদের অবস্থান অনেকটাই নিশ্চিত করে ফেলেছে।

কক্সবাজার স্টেডিয়ামের মূল মাঠে উত্তরাঞ্চলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ইয়াসির আলী রাব্বি। গতকাল তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৬১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। এখনো ১১ রানে পিছিয়ে আছে দলটি। ইয়াসির আলী ১৩৪ ও নাঈম হাসান ৬ রানে ব্যাট করছেন।

একাডেমি মাঠে গতকাল আরো ২ উইকেট হারিয়ে ৮৫ রান যোগ করতেই প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। বিজয় ২০, শামসুর ২৫ ও নুরুল হাসান অপরাজিত ৪৮ রান করেন। মধ্যাঞ্চলের ইফরান হোসেন ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২১ রানে ২ উইকেট হারায় মধ্যাঞ্চল। তৃতীয় উইকেটে শান্ত-রকিবুল ১১১ রানের জুটি গড়েন। রকিবুল ৩৯ রানে ফিরলেও প্রথম শ্রেণির ক্রিকেটের ৭ম সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১৫টি চারে অপরাজিত ১২২ রান করেছেন এই বাঁহাতি। সুবিধা করতে পারেননি মার্শাল আইয়ুব (১১) ও শুভাগত হোম (১৮)। দক্ষিণাঞ্চলের নাসুম ৩টি, শফিউল ২টি উইকেট নেন।

প্রথম দিনের শেষ বিকেলে ৩ রানে ২ উইকেট হারানো পূর্বাঞ্চল গতকালও ভালো শুরু পায়নি। দলীয় ২৭ রানে নাইটওয়াচম্যান সাকলাইন সজীব (৪) আউট হন। চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস ও ইয়াসির আলী। ইমরুল ৭৬ রান করে সানজামুলের শিকার হন। অপরপ্রান্তে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ইয়াসির আলী। ১৩ চার, ২ ছক্কায় ১৩৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পরে নাসির (৩), আফিফ (২৬) ও জাকিররা (১) ইনিংস বড়ো করতে পারেননি। নাঈম হাসানকে নিয়ে দিনের খেলা শেষ করেন ইয়াসির আলী। উত্তরাঞ্চলের সানজামুল ৫টি, সঞ্জিত সাহা ২টি উইকেট পান।