স্পোর্টস ডেস্ক
আর ছয়টা জয়ই মাত্র। তারপরই ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপাখরা ঘুচবে লিভারপুলের। তারপর? চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা ধরে রাখতে পারবে তো অল রেডরা? এ ব্যাপারে পরিষ্কার ধারণা না থাকলেও কোচ য়ুর্গেন ক্লপ জানালেন, শিরোপা ধরে রাখার লক্ষ্যেই লড়বে তার দল। লিভারপুল চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে দারুণ প্রতাপ ধরে রেখেছে। ২৫ ম্যাচের ২৪টিতে জেতা এই দলই আবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ছিল বেশ নড়বড়ে। ছয় ম্যাচের চারটিতে জিতেছিল ক্লপের দল, হেরেছিল ন্যাপোলির কাছে। নকআউটের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই গ্রুপ পর্ব থেকে কঠিন। গেল বছরের পাগলাটে আসরের পর তো অবশ্যই। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে যখন অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল, বেশ মনোযোগীই হতে হবে দলকে। এমনটাই অভিমত কোচ ক্লপের।
চ্যাম্পিয়নস লিগের দাবিদার কারা এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, ‘মৌসুম শুরুর আগে জুভেন্তাস আমার চোখে বড়ো দাবিদার ছিল। কিন্তু আমি ইতালিয়ান ফুটবল খুব বেশি দেখি না। কারণ আমি বুঝি না কেন দলটা এখনই ১০ পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে নেই। তাদের স্কোয়াডটা আমার দেখা সবচেয়ে বড়ো। মানসম্পন্ন খেলোয়াড়ও তাদেরই বেশি। এটা পাগলাটে!’
বায়ার্ন মিউনিখ, পিএসজি কিংবা বার্সেলোনাকেও হিসাবের বাইরে রাখলেন না ক্লপ, ‘বায়ার্নের স্কোয়াডও বিশাল। পিএসজি যখন ফিট থাকে, তখন অবিশ্বাস্য খেলে তারা। বার্সেলোনাকেও হিসাবের বাইরে রাখতে পারবেন না আপনি। ম্যানচেস্টার সিটির কথাও ভুলে গেলে চলবে না, কারণ এ বছর চ্যাম্পিয়নস লিগই ওদের বড়ো লক্ষ্য।’ এত দাবিদারের ভিড়ে নিজেদের অবস্থান কোথায়, সেটা না জানলেও ক্লপ জানালেন শিরোপার জন্য প্রাণপণই লড়বে তার দল। তিনি বলেন, ‘আমি জানি না আমরা কতদূর যেতে পারব, কিন্তু এ নিয়ে এখনই কথা বলার দরকার নেই। কেননা, এই মুহূর্তে আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে মনোযোগী হওয়া প্রয়োজন। আমি জানি না, আবারও চ্যাম্পিয়নস লিগ জিততে পারব কি না। তবে শিরোপার লক্ষ্যে লড়াই করতে নিজেদের প্রস্তুত করতে হবে আমাদের।’
