সুজনের সপ্তম জাতীয় সম্মেলনে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের হাতিয়ার হলো সুষ্ঠু নির্বাচন। আর গণতান্ত্রিক সরকার গঠনের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই আইন করা হোক না কেন, যদি সেগুলোর বাস্তবায়ন না হয়, তাহলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না।
গতকাল শনিবার সকালে সুজন—সুশাসনের জন্য নাগরিকের সপ্তম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ‘ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আগত ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রায় ১ হাজার সুজন নেতারা এ সম্মেলনে অংশ নেন।
সভা প্রধানের বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। অথচ গণতান্ত্রিক সরকার গঠনের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখি না। তাই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সোচ্চার করে তুলতে হবে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেন, একটা দেশ তার মাটির জন্য বড়ো হয় না। দেশের মানুষ ভালো ও যোগ্য হলে দেশও ভালো ও যোগ্য হয়। তাই যতই আইন করা হোক না কেন, যদি সেগুলো কার্যকর করা না হয় এবং সমভাবে সবার জন্য বাস্তবায়ন না হয়, তাহলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, সিভিল সমাজকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে। যদিও তারা সবসময় রাজনীতি এড়াতে পারে না। তবে স্বতন্ত্র থাকাই ভালো। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সমস্যা রাতারাতি দূর হবে না। কারণ রাজনৈতিকরা এই সমস্যা সৃষ্টি করেছেন, তারা এটি সহজে দূর করবেন বলে মনে হয় না। আমি মনে করি, ২০ দফার পরিবর্তে এখন একদফা দাবি তোলা দরকার, সেটা হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনকালে ড. বদিউল আলম মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের হাতিয়ার হলো নির্বাচন। কিন্তু আজকে দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। এজন্য আমাদের নির্বাচনি ব্যবস্থাকে সঠিক পথে আনা ও গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমাদের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, তিন জোটের রূপরেখার মাধ্যমে স্বৈরাচারী এরশাদের পতন হয়। তখন রাজনৈতিক দলগুলো থেকে স্লোগন তোলা হয়, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। কিন্তু সুজন স্লোগান তুলে, ‘আমার ভোট আমি দেব, জেনে, শুনে বুঝে দেব’।
আরো বক্তব্য দেন, অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সুজন নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সুজনের সহসম্পাদক জাকির হোসেন, সুজন জাতীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
