মশা নিধনে ডিএনসিসির দুই সপ্তাহব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

কিউলেক্স ও এডিস মশা নিধনে দুই সপ্তাহব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা। এ বছর প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করছে ডিএনসিসি। নতুন ও পুরোনো ৫৪টি ওয়ার্ডে চলবে এ কার্যক্রম।

সংশ্লিষ্টরা জানান, ক্র্যাশ প্রোগ্রামে নিয়মিত ফগার মেশিনের পাশাপাশি ডিএনসিসির আনা নতুন তিন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২০টি করে হুইল ব্যারো এবং মিস্ট ব্লোয়ার পাওয়ার স্প্রে এবং দুইটি ভেহিক্যাল মাউন্টেন্ড ফগার মেশিন।

কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, আমরা শুধু দেখানোর জন্য কাজ করি না, কাজের জন্য কাজ করি। এই ক্র্যাশ প্রোগ্রাম ১৪ দিন ধরে চলবে এবং জনগণ নিশ্চই এর সুফল পাবে বলে আমরা আশা করছি। ক্র্যাশ প্রোগ্রামে নিয়মিত ফগার মেশিনের পাশাপাশি ডিএনসিসির আনা নতুন তিন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এ সময় তিনি জানান, এই কর্মসূচি চলাকালীন প্রত্যেক কাউন্সিলররা ওয়ার্ড পর্যায়ে স্থায়ী মশক কর্মী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত ১০ জন করে মশক কর্মী, ওয়ার্ড সচিব ও মশক সুপারভাইজারদের নিশ্চিত করে সহকারী স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। আউটসোর্সিংয়ের ১০ জন কর্মীর মধ্যে ৫ জন নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রমে সহায়তা করবে এবং অন্য পাঁচ জন কর্মী নিয়মিত মশক কর্মীদের সঙ্গে এডিস-কিউলেক্স মশার প্রজনন স্থল (হট স্পট) চিহ্নিত ও ধ্বংস করবে। তিনি আরো বলেন, আমরা সহযোগিতা চাই, জনগণ আরো সচেতন হবে, কারণ একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদেরকে মশকমুক্ত নগর উপহার দিতে পারে। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মঞ্জুর হোসেন, ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্ণেল গোলাম মোস্তফা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।