পুঁজিবাজার উন্নয়নে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নের প্রকল্পে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। গতকাল সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে। এর আগে ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নের প্রকল্পে ২৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। প্রথম ধাপে ৮ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সেই ধারাবাহিকতায় ঋণ অনুমোদন হলো। এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ তাকুয়া হোশিনো এ বিষয়ে উল্লেখ করেন, এডিবি বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি সংস্কার, নিয়ন্ত্রণকারী এবং প্রাতিষ্ঠানিক বাজার কাঠামোতে উন্নতি হবে।

সংস্থাটি জানিয়েছে, ২০১২ সাল থেকে এডিবি সরকারের সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মূলত ২০১০ সালে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর বাজারে আস্থা ফিরিয়ে আনাসহ পুঁজিবাজারকে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি জাতীয় মাস্টার প্ল্যান তৈরি করা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ), কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক রিপোর্ট ও অডিটগুলোতে আরো স্বচ্ছতা আনাসহ বীমা শিল্পের উন্নয়নে নানা কর্মসূচি রয়েছে।