মার্চের শেষে ভোট চট্টগ্রাম সিটিতে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

আজ তপশিল ঘোষণা করবে ইসি

ইত্তেফাক রিপোর্ট

আগামী মার্চের শেষ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ রবিবার এ ভোট নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসছে সাংবিধানিক এই সংস্থাটি। বৈঠক শেষে ঘোষণা করা হবে তপসিল। ইসির কর্মকর্তারা বলেছেন—২৮, ২৯ ও ৩০ মার্চ ভোটগ্রহণের প্রাথমিক তারিখ চিন্তা করা হচ্ছে। তবে এপ্রিলে ভোট করতে চাইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচন নিয়ে ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। বৈঠক শেষে এসব নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্যসূচিতে চট্টগ্রাম সিটি নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়টি রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, মুজিববর্ষ শুরু ১৭ মার্চ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং এপ্রিল জুড়ে এইচএসসি পরীক্ষা। এছাড়া গত ৭ ফেব্রুয়ারির নির্বাচনী দিন গণনা শুরু হয়েছে চট্টগ্রাম সিটিতে। তাই ইসি সচিবালয় চট্টগ্রাম সিটি ভোট মার্চের শেষে করার প্রস্তাব দিবে বৈঠকে। এক্ষেত্রে কমিশন তপসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৪২ থেকে ৪৪ দিন হাতে রেখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করবে। তবে ৪২ দিন হাতে রাখলে ভোট হতে পারে ২৮ মার্চ, ৪৩ দিন হাতে রাখলে ভোট ২৯ মার্চ, ৪৪ দিন হাতে রাখলে ভোট হতে পারে ৩০ মার্চ। ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকার দুই সিটির সঙ্গে ভোট হয় চট্টগ্রাম সিটিতেও। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।