নতুন প্রজন্মের সামনে দেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে হবে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে পিঠা উত্সবে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

পিঠা বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। নিজস্ব এ সংস্কৃতিকে অন্তর দিয়ে লালন করতে হবে। সংস্কৃতি ও খাদ্যাভ্যাস বদলের এ যুগে বিদ্যালয়ে পিঠা উত্সব নতুন প্রজন্মের সামনে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাহায্য করবে। গতকাল শনিবার হাতিরপুলে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে পিঠা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পিঠা উত্সবের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা এমপি। ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা বেনজীর আহম্মদ ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পায় প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর পরিবার থেকে পায় নৈতিক শিক্ষা। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। সবাই মিলে নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত্। শিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য জাতির পিতা ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও এক সঙ্গে ছত্রিশ হাজার স্কুল জাতীয়করণ করে গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেন।

আলোচনা সভার পূর্বে পিঠা উত্সবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠা সাজানো ছিল ১০টি স্টলে। পিঠা উত্সবে শিক্ষার্থীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাঁপা পিঠা, পাটিসাপটা, রসপিঠা, চিতই পিঠা, পাকন পিঠা ও তেলে ভাজা পিঠাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠাপুলির পসরা সাজিয়ে রেখেছিলেন।