কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গের প্রবীণ আলোক চিত্র সংবাদিক ও ইত্তেফাকের কলকাতা প্রতিনিধি তারিক হাসানের নানা অনিল বরণ চট্টোপাধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বিদ্যাসাগর হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। সেখানেই শনিবার দুপুরে তার মৃত্যু হয়। সাংবাদিক মহলে তিনি অনিল বরণ নামে খ্যাত ছিলেন।
কবি সুকান্ত ভট্টাচার্যের হাত ধরে স্বাধীনতা পত্রিকায় আলোক চিত্র সংবাদিকতা তার হাতেখড়ি। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পরবর্তীতে যুগান্তর, অমৃতবাজার পত্রিকায় কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় দীর্ঘদিন বাংলাদেশে থেকে ছবি তুলে পাঠিয়েছেন। বিভিন্ন সময়ে এশিয়া উইকসহ দেশ, বিদেশের বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন।
মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। শনিবার রাতে এসএসকেএমে মেডিক্যালে তার দেহদান করা হয়। তার দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনি রয়েছেন।
