মাগুরা প্রতিনিধি
মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। গতকাল শনিবার সদর উপজেলার মঘি ইউনিয়নের ধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আট জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাস ও একই ওয়ার্ডের ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সম্প্রতি গরু ক্ষেতের ফসল খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে এক অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আট জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
