বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (শিক্ষা), স্বাধীনতা চিকিত্সক পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব, স্বাচিপের অত্র বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চর্ম ও যৌন ব্যাধি বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ২য় মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।
দিবসটি পালনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের এলাকাবাসীকে দিনব্যাপী চিকিত্সাসেবা প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চিকিত্সকবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রায় ১ হাজার রোগীকে চিকিত্সাসেবা প্রদান করেন। এরআগে ঐ দিন সকালে প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর কবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. মো. আবু তাহের প্রমুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।—প্রেস বিজ্ঞপ্তি
