পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিলল দেড় কোটি টাকা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স হিসেবে ব্যবহূত মোট আটটি লোহার সিন্দুক খুলে পাওয়া গেছে মোট ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা। এছাড়া পাওয়া গেছে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার। তিন মাস ২০ দিন পর লোহার সিন্দুকগুলো খুলে এসব পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা।

গতকাল সকাল ৯টা থেকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবীবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. ফজলে রাব্বি, মাহমুদল হাসান, উবাইদুর রহমান সোহেল, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. শওকতউদ্দিন ভুঁইয়া প্রমুখের সার্বিক তত্ত্বাবধানে টাকা বাছাই ও গণনার কাজ শুরু হয় এবং বিকাল পর্যন্ত টাকা গণনার কাজ চলে। মসজিদ সংলগ্ন নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ছাত্র-শিক্ষক, মসজিদ কমিটির লোকজন, আনসার বাহিনীর সদস্যরা টাকা বাছাইয়ের কাজে অংশ নেন। পরে প্রাপ্ত টাকা পাগলা মসজিদের রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। সাধারণত তিন-চার মাস পরপর এই সিন্দুকগুলো খোলা হয়।