জামিন পেলে চিকিত্সার জন্য লন্ডনে যেতে চান খালেদা জিয়া

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবারও হাইকোর্টে আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এসংক্রান্ত জামিন আবেদনটি চূড়ান্ত করেছেন তার আইনজীবীরা। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪২৬(১) ধারায় আবেদনটি করা হচ্ছে। সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে যে, আপিল বিচারাধীন থাকাবস্থায়ও সংশ্লিষ্ট আদালতে জামিন চাওয়া যাবে। চূড়ান্ত হওয়া জামিন আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিত্সা প্রয়োজন। জামিন পেলে তিনি উন্নত চিকিত্সার জন্য লন্ডনে যেতে চান।

জানা গেছে, দুই-এক দিনের মধ্যে আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে। আইনজীবী সূত্র জানিয়েছে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হবে। এর আগে এই দ্বৈত বেঞ্চ চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন।

দুদকের দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ঐ সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। আপিল বিভাগের সংশ্লিষ্ট দীর্ঘদিন ধরে পড়ে আছে ঐ আপিল । কিন্তু শুনানির কোনো উদ্যোগ নেননি আইনজীবীরা।