তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা ২০২১ সালের মধ্যে ১৬ কোটি মানুষের হাতে সুলভমূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর মেধায় আধুনিক অর্থনীতি গড়ে তোলা-ই সরকারের মূল লক্ষ্য। সে লক্ষ্যে প্রত্যেক জেলায় শেখ কামাল আইসিটি পার্ক করা হবে। শিক্ষিত জনগোষ্ঠী প্রযুক্তি জ্ঞান অর্জন করতে পারলে তারা ঘরে বসেই আয় করতে পারবে। এতে বিদেশে যাওয়ার চিন্তা করবে না আমাদের তরুণ প্রজন্ম।
গতকাল শনিবার পর্যটন নগরী কক্সবাজারের ৩৫টি স্থানে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সেলের নির্বাহী পরিচালক পার্থ প্রিতম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। তবে এ দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ১০০টি উদ্যোগকে সফলভাবে সবার কাছে নিয়ে যেতে ১০০টি স্টার্টআপকে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র?্যান্ড প্রদান করব। যেখানে ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত প্রদান করা হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) তত্ত্বাবধানে চালু হওয়া ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এমপি সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।
