বিএনপি-জামায়াতের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে :নাসিম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময় এ দেশ ছিল অন্ধকারে। তখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছিল।

গতকাল শনিবার বিকালে নিজের নির্বাচনী এলাকা কাজিপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, মুজিববর্ষে নানামুখী উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে যাবে। দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে এমন লক্ষ্য নিয়ে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

নাসিম আরো বলেন, দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ নস্যাত্ করে দেবে। 

এর আগে তিনি কাজিপুরে নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এফডব্লিউভিটিআই ইত্যাদির নির্মাণকাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ এম. মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সহধর্মিণী এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।