আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র্যালি বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
সিনেট অধিবেশনের শুরুতেই গত এক বছরে দেশে ও দেশের বাইরে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তার ভাষণে মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র্যালি, আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, দুটি গ্রন্থ প্রকাশনা ও বিশেষ সেমিনার আয়োজনসহ আরো নানা কর্মসূচি।
