চলচ্চিত্র তারকাদের ফেসবুক আইডি হ্যাক চক্রের দুই জন গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫১

চলচ্চিত্র তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করা চক্রের দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন, মীর মাসুদ রানা (৩৫) ও সৌরভ (১৯)। গতকাল শনিবার ভোরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ‘টিম সিলেট’ নামে ঐ চক্রের ২০ জন সদস্য রয়েছে বলে শনাক্ত করেছে র্যাব। এই চক্রটি সম্প্রতি চলচ্চিত্র তারকা মিশা সওদাগর, জায়েদ খাঁন, রিয়াজ, শাহনূরসহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের মূল হোতা নাসির যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাইবার অপরাধী, যিনি কিছুদিন আগে সাইবার অপরাধের দায়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন।

র্যাব সূত্র জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ফেসবুক হ্যাকিংয়ে ব্যবহূত চারটি মোবাইল, একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির ২০টি সিম কার্ড, নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অ্যাপস এবং বিভিন্ন চলচ্চিত্র শিল্পীদের ফেসবুক আইডি হ্যাক করার আলামত জব্দ করা হয়।

র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, সম্প্র্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এর মধ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়েকটি আইডি ফেরত আনা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রযুক্তিক সহায়তায় ‘টিম সিলেট’ নামে একটি হ্যাকার গ্রুপকে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, ‘টিম সিলেট’ নামের হ্যাকার গ্রুপের সক্রিয় সদস্যরা সম্প্রতি চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর, জায়েদ খাঁন, রিয়াজ, শাহনূর, আঁচল, রেসি, কেয়া, মাহি, বিপাশাসহ বেশ কয়েকজন নামি শিল্পীর ফেসবুক আইডি হ্যাক করেছে। একইসঙ্গে তারা প্রতিনিয়ত সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক করে আসছিল। হ্যাক করা আইডি ফেরত পেতে তারা ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। হ্যাকিং করে প্রতি মাসে তারা প্রত্যেকে এক থেকে দেড় লাখ টাকা আয় করেন।