কাশ্মির ইস্যুতে তুর্কি প্রেসিডেন্টকে নাক না গলানোর পরামর্শ ভারতের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৪

কাশ্মির ইস্যুতে নাক না গলাতে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ভারত। তুর্কি প্রেসিডেন্ট ও তুরস্ক-পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মির প্রসঙ্গে যা বলা হয়েছে তার জবাব দিয়ে ভারত বলেছে, কাশ্মির প্রসঙ্গে সমস্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করা হচ্ছে, কেননা এটি ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পাকিস্তানের পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মির নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি নস্যাত্ করছি। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান। পাকিস্তান সফরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কাশ্মিরে নির্যাতন চালিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তিনি কাশ্মির ইস্যুতে পাকিস্তানকেও সমর্থন করেন। এদিকে জননিরাপত্তা আইনে কাশ্মিরের আইএএস টপার শাহ ফয়সালকে বন্দি করেছে সরকার। —এনডিটিভি