সৈয়দপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্মিত হচ্ছে শহিদ মিনার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ৪৮টি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

গত অর্থবছরে ৪৮টি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ সম্পন্ন হয়। চলতি অর্থবছরের মধ্যে বাদবাকি ৩০টি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ অব্যাহত রয়েছে। সৈয়দপুর উপজেলার মোট ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সাতটি বিদ্যালয়ে আগে থেকেই শহিদ মিনার রয়েছে।

উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ওমর ফারুক ও প্রধান শিক্ষক মো. ইলিয়াছ জানান, সরকারি অর্থ বরাদ্দ ও সংগৃহিত চাঁদার টাকায় আমাদের প্রতিষ্ঠানে গেল বছরই দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে।

সভাপতি জানান, স্কুলের শিশু শিক্ষার্থীরা শহিদদের শ্রদ্ধা জানাতে পারছে এবং সেই সঙ্গে নানা অনুষ্ঠানও করতে পারছে শহিদ মিনারের বেদিতে। উপজেলার ময়দানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ হওয়ায় সুবিধা হয়েছে। কারণ সৈয়দপুর ও হাজারীহাটে শহিদ মিনার থাকলেও কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি দূরবর্তী ও ঝুঁকির জন্য।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল জানান, জাতির গৌরবোজ্জ্বল সঠিক ইতিহাস শিশু শিক্ষার্থীদের জানানোর লক্ষ্যে শহিদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাজ চলছে। স্কুল সংস্কারের সরকারি বরাদ্দ ও স্কুল ম্যানেজিং কমিটির সংগ্রহ করা টাকায় এসব কাজ করা হচ্ছে।