রাঙ্গামাটি সরকারি কলেজ বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

রাঙ্গামাটি প্রতিনিধি

বসন্তবরণ উত্সবের আয়োজন করেছে রাঙ্গামাটি সরকারি কলেজ। বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্তবরণ করেছে রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকালে কলেজ শিক্ষার্থীদের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে সমবেত হয়। এ সময় বসন্ত উত্সবের শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে কলেজ প্রাঙ্গণের বটমূলে বসন্ত উত্সবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঈন উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মো. মহিউদ্দিন, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়াসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের পিঠা ও পুলির স্টল দেখা যায়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে নেচেগেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যাপক মঈন উদ্দীন জানান, সরকারি মহিলা কলেজে বসন্ত উত্সব আয়োজন একটি ঐতিহ্য। মূলত এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়।