খুলনা-কলকাতা-খুলনা
খুলনা অফিস
সপ্তাহে একদিন নয়, এখন থেকে সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার খুলনা-কলকাতা-খুলনাগামী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলবে। রবিবার দুপুরে খুলনা রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় ট্রেন যাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আগে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করত। রবিবার নতুনভাবে আরো একটি ট্রেন যুক্ত হওয়ায় ট্রেনটি এখন থেকে সপ্তাহে দুই দিন চলবে। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে খুলনায় দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। খুলনা থেকে দুপুর দেড়টায় কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।
