কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অসহায় দরিদ্র, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা ও পুনর্বাসিত ভিক্ষুকসহ ৩৮টি পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। দারিদ্র্যসীমার নিচে বাস করা এসব পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া নতুন পাকা ঘর পেয়ে মহাখুশি। পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাষ্টারপাড়া গ্রামে সরকারি ১২ শতক জমিতে জান্নাতী বেগম নামের এক অসহায় নারীর জন্য ঘর নির্মাণ কাজ চলছে। জান্নাতী বেগম বলেন, আমরা গরিব মানুষ। স্বামীসহ তিন সন্তানকে নিয়ে অন্যের জমিতে অনেক কষ্টে বসবাস করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে ঘর প্রদান করছেন এ খবর পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে একটি ঘরের জন্য আবেদন করি। পরে তিনি সরকারি ১২ শতক জমি আমার নামে বরাদ্দ দেন এবং সেই জমিতে ঘর নির্মাণ করে দিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্পটির প্রতি আমাদের বিশেষ নজরদারি রয়েছে। ৩৮ জন উপকারভোগীর ঘর নির্মাণ কাজ দ্রুত শেষ করে কিছুদিনের মধ্যেই তাদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
