সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে শনিবার বিকালে আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলযাত্রা ক্রীড়া সংসদের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সার্বিক পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলযাত্রা ক্রীড়া সংসদের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম।

শ্রীমঙ্গলে বসন্ত উত্সব উদ্যাপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা শ্রীমঙ্গলে শনিবার সন্ধ্যায় বসন্ত উত্সব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্সব অঙ্গন থেকে বাঙালি ঐতিহ্যের নানা নিদর্শনে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আত্রাই নদীর অভয়াশ্রমে মা মাছ ধরা বন্ধের দাবি

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দা সদর ইউনিয়নের আত্রাই নদীর অভয়াশ্রমে মা মাছ ধরা বন্ধের দাবিতে রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিকাপুর বাজারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ আলী রিপু, সমাজসেবক ও টিন ব্যবসায়ী রহিদুল ইসলাম প্রমুখ।

মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ায় রবিবার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অস্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার পুরুলিয়া সিনথিয়া কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিনথিয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদুল হক খান প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর প্রেসক্লাব হলরুমে নারী অধিকার প্রকল্পের আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, নারী অধিকার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবির, সাংবাদিক তৈয়বুর রহমান প্রমুখ।

জোহা দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী শহিদ জোহা দিবসকে (১৮ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে রবিবার মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহিদ জোহা চত্বরের পূর্ব পাশে এই মানববন্ধনের আয়োজন করে ‘রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব’। রাবি এডুকেশন ক্লাবের সদস্য রেজওয়ানুল আলম রিজভীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শামস আল গালিব, ফুয়াদ পাবলো, শাহিনুর খালিদ, শিক্ষার্থী মাহমুদ সাকী। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি রনজু হাসান প্রমুখ।

দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে শনিবার অসহায় দরিদ্র ১৩২ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ইহসানুল ইয়াতামা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে (ইইসকস) এই বৃত্তি প্রদান করা হয়।

পৌরসভা সদরের ধানীখোলা রোড সংলগ্ন ইইসকস অফিস কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম। সংস্থার সভাপতি প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শারমিন মাহবুব, ইইসকস সহসভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক রবিন বরকত উল্লাহ, ইয়ামিন বেগম, এনপিএস ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ টি এম মাহবুবুল আলম প্রমুখ।

পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা পটিয়ায় রবিবার পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-১ (পটিয়া) এর উদ্যোগে গ্রাহক সেবা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পবিস-১ (পটিয়া) এর জেনারেল ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন ডিজিএম মো. বেলায়েত হোসেন, সেলিম উল্লাহ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি শাহনেওয়াজ তালুকদার প্রমুখ।

তিন দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় রবিবার তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ।

ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুরের ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার। প্রধান শিক্ষক গোলাম মওলার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খ. ম কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রবিবার মাদক বিরোধী শপথ গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ্্্্্্্্্্্্্্্্উবায়দুল মোকতাদির চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহমেদ ও চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন ।

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল অফিস বরিশালে মওলানা ভাসানী পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার নিম্নবিত্ত পরিবারের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আর্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন মওলানা ভাসানীর দৌহিত্র মনোয়ার হোসেন চৌধুরী মেরিন। এ সময় মওলানা ভাসানী পাঠাগারের প্রধান সংগঠক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এবং শারমিন আক্তার। সংগঠক নবীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক রাজনীতিক আব্দুল মন্নানসহ অন্যরা বক্তব্য রাখেন।