পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকা দলের টি-টোয়েন্টি সিরিজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। তবু কয়েক জন শীর্ষস্থানীয় প্রোটিয়া ক্রিকেটার পাকিস্তানে গিয়ে খেলার সুযোগ পাচ্ছেন। আর এই সুযোগ তাদের দিচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
এর মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কিংবদন্তি ডেল স্টেইন। তিনি পিএসএলের দুই বারের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ মার্চ।
পাকিস্তানে গিয়ে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্টেইন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি পাকিস্তানে এসে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার জন্য খুবই রোমাঞ্চিত। মাঠে আসুন, আমাদের খেলা দেখুন। মাঠে অসংখ্য দর্শক দেখার অপেক্ষায় থাকলাম।’
