জিততেই এসেছে জিম্বাবুয়ে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

পুনর্গঠনের এই পর্বে জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক মূলন শন উইলিয়ামস। কিন্তু পারিবারিক কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি তিনি। তার বদলে ক্রেইগ আরভিনের নেতৃত্বে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। আর গতকাল এখানে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আরভিন বললেন, তারা বাংলাদেশে জিততেই এসেছেন।

বাংলাদেশের এই কন্ডিশনে কেন জয়ের আশা করেন, সেটা নিয়ে পরিষ্কার আরভিন। তিনি বলছিলেন, ‘দেখুন, আমরা এখানে জিততে এসেছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি। শ্রীলঙ্কা সিরিজের আগে লম্বা বিরতির এই সিরিজটা আমাদের ভালো একটা গতি এনে দিয়েছে। বাংলাদেশের কন্ডিশন আমাদের পরিচিত। কারণ, আমরা এখানে বেশ নিয়মিত আসি।’

আরভিন মনে করেন, তাদের হাতে যেসব খেলোয়াড় আছে, তাতে প্রস্তুতিটা ভালো হলে তারা ভালো কিছু আশা করতে পারেন, ‘আমার মনে হয়, ফলাফলের কথা আলাদা রেখে, আমাদের কী করা উচিত, সেটা নিয়ে ভাবা উচিত। আমাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। ফলে আমাদের কাজ হলো, ওদের যতোটা সম্ভব স্বাচ্ছন্দ্যে রাখা। আমাদের এখন নিশ্চিত করতে হবে যে, আমাদের অনুশীলনটা ঠিকমতো হচ্ছে। আমাদের নিশ্চিত করতে হবে যে, টেস্টের প্রথম দিনে আমরা যেন পেছন পায়ে চলে না যাই।’ জিম্বাবুয়ে সর্বশেষ সিরিজে বাংলাদেশে একটি টেস্ট জিতেছিল। সেই সিরিজের মতো এই সিরিজেও তাদের সাকিবকে সামলাতে হচ্ছে না। এবার নিষেধাজ্ঞার কারণে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। আরভিন মেনে নিলেন, এটা তাদের জন্য বড়ো একটা সুবিধা, ‘আমাদের জন্য ভালো যে, সে (সাকিব) এই সিরিজটা খেলছে না। সে গত কয়েক বছর ধরে বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড়। তার না থাকা আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের আসলে নিজেদের শক্তি নিয়ে ভাবতে হবে।’

বাংলাদেশের কন্ডিশন বাইরে থেকে আসা অনেক দলের জন্যই কঠিন। তবে আরভিন বারবারই বললেন, এই কন্ডিশন পরিচিত হওয়াতে তারা ভীত নয়, ‘অনেক দলই এখানে সফরে এসে এখানকার কন্ডিশনে মানিয়ে নিতে সংগ্রাম করে। কিন্তু এটা মনে রাখতে হবে যে, বিশ্বের যে কোনো দলের চেয়ে আমরা এখানে বেশি সফর করি। ফলে আমরা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। স্পিন এখানে বড়ো একটা ভূমিকা রাখবে। টেস্ট ম্যাচে আমাদের এটা ভালোভাবে সামলাতে হবে।’

জিম্বাবুয়ে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে এসেছে। যদিও সামনে তাদের খুব একটা টেস্ট নেই। তাই এই একমাত্র টেস্টটাকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তারা, ‘আমরা খুব বেশি টেস্ট ম্যাচ খেলছি না। বছরের বাকি সময়েও আমাদের আর খুব বেশি টেস্ট নেই। ফলে প্রতিটা টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এর মধ্যে জিম্বাবুয়ের একটা খারাপর দিক হলো, তারা বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে মিস করছে। সে প্রসঙ্গে আরভিন বলছিলেন, ‘অবশ্যই আমরা উইলিয়ামস, জার্ভিস ও ছাতারাকে মিস করব। ওরা আমাদের জন্য বড়ো খেলোয়াড়। কিন্তু ওদের না থাকাটা অন্যদের জন্য দরজা খুলে দিয়েছে।’