শান্তর ডাবলে জয় দেখছে মধ্যাঞ্চল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

বি  সি  এল

স্পোর্টস রিপোর্টার

২০১৭-১৮ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে ৬ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার আর আফসোস, আক্ষেপ নয়। দাদার মৃত্যুশোক বুকে ধারণ করে গতকাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বপ্নপূরণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত শুক্রবার রাতে না ফেরার দেশে চলে যান শান্তর দাদা। খবর পেয়েও ফ্লাইট না থাকায় কক্সবাজার থেকে রাজশাহী ফিরতে পারেননি এই তরুণ। এমন শোকের মধ্যেই বাংলাদেশের ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলেছেন শান্ত। শোক মাড়িয়ে ২২ গজে লড়ে ডাবল সেঞ্চুরি পেলেন তিনি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে তার ডাবল সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল ৮ উইকেটে ৩৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের টার্গেট দাঁড়ায় ৫০৭ রান। গতকাল তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৯ রান। শামসুর রহমান ৪৪ ও নাসুম আহমেদ ১ রানে ব্যাট করছেন। কক্সবাজার স্টেডিয়ামের মূল মাঠে গতকাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩১ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৫ রান তুলে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল। মুশফিকুর রহিম ২৩, মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রানে অপরাজিত আছেন। ৮৬ রানে এগিয়ে আছে উত্তরাঞ্চল।

মধ্যাঞ্চলকে বোলিং বোনাস পয়েন্ট না দেওয়ার চিন্তায় ১১৪ রানেই প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। অদ্ভুতুড়ে ইনিংস ঘোষণা করে বিপাকে পড়েছে দলটি। এখন উলটো ম্যাচ হারের চোখরাঙানি তাদের সামনে। আজ হার এড়াতে হলে ৩৪৮ রান করতে হবে, বা সারাদিন ব্যাট করতে হবে। হাতে আছে ৬ উইকেট। গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতে ৫ রানে শাহরিয়ার নাফিসকে (৫) হারায় দক্ষিণাঞ্চল। তারপর বিজয়ের হাফ সেঞ্চুরিতে এগিয়ে তাদের সংগ্রহ। বিজয় ৮৩, ফজলে রাব্বি ২৫ রান করেন। ইরফান শুক্কুর (০) দ্রুত ফিরলেও নাইটওয়াচম্যান নাসুমকে নিয়ে দিনের খেলা শেষ করে ফিরেন শামসুর। মধ্যাঞ্চলের মিরাজ ২টি, মুস্তাফিজ-শুভাগত ১টি করে উইকেট নেন।

এর আগে গতকাল আরো ২ উইকেট হারিয়ে ১৭৬ রান যোগ করে মধ্যাঞ্চল। যেখানে ১৩১ রানই করেন শান্ত। আগের দিনের ১২২ রান নিয়ে খেলতে নেমে লাঞ্চের পরপরই ডাবল সেঞ্চুরি করেন শান্ত। একপ্রান্ত আগলে খেলেছেন তিনি। জাবিদ ৩৬, আরাফাত সানি ৫, মুস্তাফিজ অপরাজিত ৩ রান করে সঙ্গ দিয়েছেন তাকে। ৩১০ বলে ২৫টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ২৫৩ রান করেন শান্ত। দক্ষিণাঞ্চলের নাসুম ৪টি, শফিউল ২টি করে উইকেট পান।

গতকাল শেষ ৩ উইকেটে আরো ৭০ রান যোগ করে পূর্বাঞ্চল। ইয়াসির আলী ফিরেন ১৬৫ রানের ইনিংস খেলে। নাঈম হাসান ৩১ রান করেন। উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার সানজামুল ১১৫ রানে ৭টি, সঞ্জিত সাহা ৩টি উইকেট পান। দ্বিতীয় ইনিংসেও উত্তরাঞ্চলের শুরুটা ভালো হয়নি। ১১১ রানে ৫ উইকেট হারায় দলটি। পরে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মুশফিক-অঙ্কন। জুনায়েদ ৩৬, তানবির হায়দার ১৪, নাঈম ইসলাম ৩৫ রান করেন। পূর্বাঞ্চলের নাঈম হাসান নেন ২টি উইকেট।

নাজমুল হোসেন শান্ত

বল            ৩১০

রান           ২৫৩*

চার           ২৫

ছয়            ৯