প্রস্তুতি ম্যাচ দলে আকবর শরীফুলরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট খেলতে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। বিকেএসপিতে অনুষ্ঠেয় ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে গতকাল। এই দলে রাখা হয়েছে আইসিসি যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ছয় ক্রিকেটারকে। তাই ছুটি সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরতে হচ্ছে আকবর আলী-শরীফুল ইসলামদের।

জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা বিসিএল নিয়ে ব্যস্ত। এই সুযোগে যুবাদের দেখা এবং তাদেরকে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দিতেই মাহমুদুল হাসান জয়দের সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বাংলাদেশের টেস্ট দলের কোনো ক্রিকেটারও প্রস্তুতি ম্যাচের দলে নেই। এছাড়া বিসিবি একাদশে আছেন নাঈম শেখ, ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান আল-আমিন জুনিয়র, দুই লেগ স্পিনার বিপ্লব ও রিশাদ।

বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র, ফারদিন খান, শরীফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।